মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ এএম

পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটে নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ। নিহত তরুণী রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের মেয়ে।

মঙ্গলবার সকালে কুসুম্বা গ্রামের বাড়িতে দোতলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় বৃষ্টিকে দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি; পুলিশ ঘটনাটিকে প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে ধারণা করছে।

পরিবার সূত্রে জানা যায়, ঘরের সিলিং ফ্যানে সাদা ধুতি প্যাঁচানো অবস্থায় বৃষ্টির দেহ ঝুলছিল। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভোগা এই তরুণীর আকস্মিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বৃষ্টি মুখোপাধ্যায় বোলপুর হাই স্কুলে করণিক পদে কর্মরত থাকলেও ২০২৩ সালের মার্চে তার চাকরি বাতিল হয়। এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে হাই কোর্টের নির্দেশে চাকরি হারানো ব্যক্তিদের তালিকায় তার নামও ছিল।

চাকরি হারানোর হতাশার পাশাপাশি সম্প্রতি বৃষ্টির ব্যক্তিগত জীবনেও শুরু হয়েছিল তীব্র টানাপোড়েন। একদিকে কর্মহীনতা এবং অন্যদিকে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হওয়ায় মানসিক চাপ সামলাতে পারছিলেন না তিনি।

স্বজনরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে তিনি তীব্র ডিপ্রেশনের কারণে চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন। তবে সব চেষ্টার পর শেষ পর্যন্ত এই ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়নি।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর পেছনের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

এইচএন
আরও পড়ুন