ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম

ইরানে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিশেষ করে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় প্রাণহানির ঘটনায় তিনি তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক সাংবাদিকদের জানান, মহাসচিব গুতেরেস বেসামরিক নাগরিকদের ওপর চালানো সব ধরনের হামলার তীব্র নিন্দা জানান এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাত নিয়ে তিনি গুরুতরভাবে উদ্বিগ্ন।

মুখপাত্র আরও বলেন, আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত বৃদ্ধির ফলে এই অঞ্চলের খুব কম দেশই নিরাপদ থাকতে পারছে। আকাশসীমা ও বাণিজ্যিক নৌপথ ব্যবহারে এর মারাত্মক প্রভাব পড়ছে বলে সতর্ক করেন তিনি।

সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে গুতেরেস সতর্ক বার্তা দিয়েছেন যে, এই সংঘাত আরও ছড়ালে বেসামরিক জনগণ ও পুরো মধ্যপ্রাচ্যের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন