নাইজেরিয়ায় তেল চুরি করতে গিয়ে নিহত ৪৩

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

নাইজেরিয়ায় পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টার সময় বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনের বেশি তরুণ কাঠের নৌকায় করে ওই এলাকায় যান। তারা একটি পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে জ্ঞান হারান। তাদের কয়েকজন নদীতে পড়ে ডুবে যান।

নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস জানান, নিহতরা পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরিয়ে নিতে একটি ট্যাপিং পয়েন্টে পাইপ সংযুক্ত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, ওই তরুণেরা একটি স্থাপনার সঙ্গে যুক্ত পাইপলাইনের অবৈধ ট্যাপিং পয়েন্ট থেকে পেট্রোলিয়ামজাত পণ্য নৌকায় তোলার চেষ্টা করছিলেন। এ সময় পাইপলাইন থেকে বের হওয়া ঘন বিষাক্ত ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন জ্ঞান হারানোর পর নদীতে পড়ে যান।

পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ঘটনার ভয়াবহতা এবং প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য অপেক্ষমাণ জাহাজগুলোতে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানো হয়।

ফাইনফেস জানান, পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানোর সময় তরুণেরা একই সঙ্গে তা নৌকায় তুলছিলেন। এ সময় তারা বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন। নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এ ছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমইউ
আরও পড়ুন