প্রতিবেশ দেশ ইন্দোনেশিয়ার দাবানল থেকে সৃষ্ট ভয়াবহ ধোঁয়াশার কারণে বায়ুদূষণ চরম স্বাস্থ্যের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছানোয় মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের একটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় থেকে জানানো হয়, সারাওয়াকের সেরিআন অঞ্চলে বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে ওঠায় দেশটির রাজা সুলতান ইব্রাহিম এই জরুরি অবস্থা ঘোষণায় অনুমোদন দিয়েছেন। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আবেদনের প্রেক্ষিতেই প্রশাসনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জরুরি অবস্থা জারির ফলে সেরিআন অঞ্চলের ৬৪৭টি স্কুল আগামী সোমবার থেকে অন্তত আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া সরকারি-বেসরকারি দফতর, কৃষি খামার, নির্মাণকাজ ও পাথর কোয়ারির কার্যক্রম স্থগিত করা হয়েছে; কেবল জরুরি সেবাসমূহ চালু থাকবে। একই সঙ্গে পরিস্থিতির উন্নতি ঘটাতে শুরু হওয়া কৃত্রিম বৃষ্টিপাতের সময়সীমা বাড়ানো হয়েছে।
ইন্দোনেশিয়ার কালিমান্তান ও সুমাত্রা দ্বীপের এই দাবানলের বিষাক্ত ধোঁয়াশা কেবল মালয়েশিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। এতে আক্রান্ত হয়েছে ব্রুনাই, সিঙ্গাপুর এবং ফিলিপাইনও। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়র রাজধানী ম্যানিলাসহ এক ডজনেরও বেশি প্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, চলতি মাসে তাপমাত্রা আরও বাড়তে পারে, যা এই অঞ্চল জুড়ে দাবানল ও ধোঁয়াশা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।
সূত্র: আল-জাজিরা
তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার