ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যােগ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রাশিয়ার মস্কো ও ইউক্রেনের কিয়েভ সফর করতে যাচ্ছেন। ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতেই তাদের এ সফর।

পরিকল্পনা অনুযায়ী, তারা শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং রোববার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন। কিয়েভ সফরটি হবে উইটকফ ও কুশনারের জন্য ট্রাম্পের বর্তমান মেয়াদে ইউক্রেনে প্রথম সফর।

ট্রাম্প জানিয়েছেন, দুই দূত যুদ্ধের অবসানের জন্য একটি প্রস্তাব নিয়ে যাচ্ছেন। তবে সফরের নিরাপত্তা নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে, দূতদের সফর চলাকালে ইউক্রেন যেন মস্কোতে হামলা না চালায় এবং রাশিয়াও যেন কিয়েভে হামলা থেকে বিরত থাকে।

এদিকে, কূটনৈতিক তৎপরতার মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে রুশ ড্রোন হামলায় ১২ জন আহত হন। জেলেনস্কি আলোচনার সময় সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন এবং রাশিয়ার কাছ থেকেও একই ধরনের পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

তবে শান্তি চুক্তির পথে বড় বাধা এখনও রয়ে গেছে। রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড ও ন্যাটো সদস্যপদ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে, অন্যদিকে কিয়েভ রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে আসছে।

ওয়াইএ
আরও পড়ুন