সিন্ধু পানিচুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে টানাটানির মাঝেই নদীতে বাঁধ দিলো ভারত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিচুক্তি নিয়ে টানাটানির মাঝেই লাদাখে ভিন্নধর্মী এক পদক্ষেপ নিয়েছে ভারত। লেহ জেলার উপশি এলাকায় সিন্ধু নদের ওপর সম্পূর্ণ প্রাকৃতিক পাথর দিয়ে প্রথম একটি বিশেষ শিলা বাঁধ তৈরি করেছে ভারত। কোনো সিমেন্ট ব্যবহার না করেই কেবল বড় বড় পাথর সাজিয়ে বানানো এই বাঁধের কারণে নদীতে পানির উচ্চতা প্রায় ১০ ফুট বেড়ে গেছে। ফলে সীমান্ত লাগোয়া এই খরাপ্রবণ অঞ্চলের কৃষকদের এখন পানি সংকট থাকবেনা।

এতদিন পাহাড়ি গভীর খাদ দিয়ে নদী বয়ে যাওয়ায় সাধারণ পাম্প দিয়ে পানি তোলা কৃষকদের জন্য ভীষণ কঠিন ছিল। বিশেষ করে বসন্তকালে যখন জমিতে বীজ বোনার আসল সময় আসত, তখন পানির চরম অভাব দেখা দিত। এতে ফসল ফলানো তো দূরের কথা, কৃষক পরিবারগুলোর জীবন চালানোই দায় হয়ে পড়েছিল। নতুন বানানো এই বাঁধটিতে এখন একসাথে প্রায় ৪ কোটি লিটার পানি আটকে রাখা যাচ্ছে। সেই পানি খালের মাধ্যমে সরাসরি চলে যাচ্ছে শুকনো ও খরাকবলিত ফসলের ক্ষেতে।

তবে এই বাঁধ শুধু চাষাবাদের জন্যই নয়, দেশটির সুরক্ষার দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সাথে চুক্তি সংক্রান্ত ঝামেলা শুরুর পর সীমান্তে নদীর পানিকে নিজেদের কাজে লাগানোর ওপর বেশি জোর দিচ্ছে ভারত। এই প্রকল্পটি সেই কৌশলেরই এক বড় প্রমাণ।

উপশির এই সফলতা দেখে লাদাখ প্রশাসন সিন্ধু নদসহ আশেপাশের নদীগুলোতে আরও ৩৬টি এমন ছোট ছোট বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে লেহ ও কারগিল অঞ্চলে প্রায় ৫৬ কোটি টাকা খরচে এগুলো তৈরি করা হবে। উঁচু পাহাড়ি এই দুর্গম এলাকায় পানির তীব্র সংকট মেটাতে এবং সীমান্ত এলাকাকে অর্থনৈতিকভাবে শক্ত করতে এই উদ্যোগ ভারত নিয়েছে বলে জানানো হয়েছে।

জেএম
আরও পড়ুন