হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোনবোটে হামলার দাবি ইরানের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ এএম

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রিমোট-নিয়ন্ত্রিত ড্রোনবোটে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার(৫ সেপ্টেম্বর) আইআরজিসির নৌবাহিনী জানায়, ড্রোনবোটটি হরমুজ প্রণালির ‘সুরক্ষিত এলাকায়’ প্রবেশের চেষ্টা করছিল।

আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের নৌবাহিনী ড্রোনবোটটির বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তবে হামলায় ড্রোনবোটটি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে আইআরজিসি হরমুজ প্রণালিকে ইরানের নিয়ন্ত্রণাধীন ‘কৌশলগত জলপথ’ হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে, এই এলাকায় কোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। আইআরজিসি আরও বলেছে, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে- এই অঞ্চল থেকে সরে যাওয়া এবং তাদের ‘ক্ষতিকর কর্মকাণ্ড’ বন্ধ করা ছাড়া অন্য কোনো পথ নেই।

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। গত শনিবার দুই মার্কিন নৌযানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও কয়েকটি জাহাজে হামলার দাবি করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এই পাল্টাপাল্টি সামরিক তৎপরতা আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে মার্কিন ড্রোনবোটে আইআরজিসির কথিত হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

জেএম
আরও পড়ুন