তুরস্ক ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এসব আলোচনা হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়, সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং অঞ্চলটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন আরাঘচি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ কারণে হরমুজ প্রণালিতে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তা দূর করার বিষয়েও আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পৃথক দুই ফোনালাপে আরাঘচি যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের নিন্দা করেন এবং এগুলোকে ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে অভিহিত করেন।

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই আরাঘচির এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে; এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দুটি মার্কিন নৌযান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছিল।

আঞ্চলিক উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে ইরানের এই উচ্চপর্যায়ের যোগাযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এমইউ
আরও পড়ুন