‘অর্ধেক পানি, অর্ধেক বাতাস’ বক্তব্য ফিরিয়ে আনলেন মোদি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ বছর পর দিল্লির Shri Ram College of Commerce (SRCC)-এর মঞ্চে ফিরে তাঁর বহুল আলোচিত ‘অর্ধেক পানি, অর্ধেক বাতাস’ উপমাটি আবারও তুলে ধরেছেন। শনিবার কলেজটির শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি ২০১৩ সালের সেই বক্তৃতার কথা স্মরণ করেন।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় SRCC-তে বক্তৃতা দিয়েছিলেন মোদি। তখন একটি পানির গ্লাসের উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন, আশাবাদীরা গ্লাসকে অর্ধেক ভরা এবং হতাশাবাদীরা অর্ধেক খালি দেখেন। তাঁর দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন-গ্লাসটি পুরোপুরি ভরা, যার অর্ধেক পানি আর অর্ধেক বাতাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠানে পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনে মোদি বলেন, ২০১৩ সালে দেশজুড়ে নেতিবাচক পরিবেশের মধ্যেও তিনি সম্ভাবনার দিকটি দেখেছিলেন। তাঁর দাবি, ওই সময় তিনি যে দৃষ্টিভঙ্গির কথা বলেছিলেন, তার প্রভাব এখনো অনুভব করা যায়।

২০১৩ সালের সেই বক্তৃতা মোদির জাতীয় রাজনীতিতে উত্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাঁর জাতীয় পর্যায়ের গ্রহণযোগ্যতা তৈরিতে SRCC-র ওই বক্তব্যকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হয়।

এবারের বক্তব্যে মোদি ২০১৩ সালের ভারতের সঙ্গে বর্তমান ভারতের তুলনা করেন। তিনি সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য তুলে ধরে বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও ভারতের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তিনি প্রথম প্রান্তিকে ৭ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি, গাড়ি বিক্রি বৃদ্ধি, নির্মাণ, উৎপাদন ও শিল্প কর্মকাণ্ড বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

মোদি ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যও তুলে ধরেন। একই সঙ্গে ২০১৩ সালের মতো এবারও তরুণ প্রজন্মকে ভারতের ভবিষ্যৎ পরিবর্তনের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেন।

এমইউ
আরও পড়ুন