মোহাম্মদ বাগের কালিবাফ

ইরানের সম্পদে হামলা হলে মার্কিন জ্বালানি খাতে আঘাত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ এএম

ইরানের কোনো সম্পদে যুক্তরাষ্ট্র নতুন করে আঘাত হানলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোর ওপর পাল্টা হামলা চালানো হবে। সম্প্রতি এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ।

তিনি জানান, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি উৎপাদন ব্যবস্থা বেশ উন্মুক্ত এবং সহজে লক্ষ্যবস্তু বানানোর মতো। ফলে ওই অঞ্চলে থাকা মার্কিন জ্বালানি কোম্পানি ও তাদের অবকাঠামো এখন একই ধরণের মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

ইরানি স্পিকার স্পষ্ট করেন, দেশের কোনো সম্পদে আঘাত এলে মার্কিন সম্পদেও সমপরিমাণ আঘাত হানবে তেহরান। এ প্রসঙ্গে অতীতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উদাহরণও তিনি মনে করিয়ে দেন।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে ‘অরক্ষিত’ বলে দাবি করার পর তেহরানের পক্ষ থেকে এই পাল্টা বক্তব্য এলো। রয়টার্সের তথ্যমতে, এই উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই সতর্ক করে জানান, ওয়াশিংটন তাদের ওপর হামলা ও হুমকি বন্ধ করলেই কেবল কৌশলগত হরমুজ প্রণালি খোলা রাখার নিশ্চয়তা দেবে তেহরান।

সূত্র: রয়টার্স

এইচএন
আরও পড়ুন