ক্যান্টন ফেয়ারে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে চীন। আসন্ন ১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলা উপলক্ষে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বিশেষ এই ভিসা সুবিধা দেবে।
মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চীনা দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিন ধাপে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কুয়াংতুংয়ের রাজধানী গুয়াংঝুতে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ার। মেলায় অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা-সুবিধা চালু করা হয়েছে।
ক্যান্টন ফেয়ারের ভিসার জন্য আবেদন করতে হলে মেলা কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক ‘আমন্ত্রণপত্র’ জমা দেওয়া বাধ্যতামূলক।
ভিসা প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের আগের ভিসা, ভ্রমণের রেকর্ড এবং নিজস্ব প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করার পরামর্শ দিয়েছে দূতাবাস। তবে গ্যারান্টি লেটারকে ঐচ্ছিক নথি হিসেবে উল্লেখ করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন সরাসরি ফেরত দেওয়া হবে। ভিসা প্রক্রিয়ায় বিলম্ব এবং ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন এড়াতে অনলাইন আবেদনপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্ভুলভাবে পূরণ করার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমন্ত্রণপত্র পরিবর্তন, মিথ্যা তথ্য প্রদান কিংবা জাল নথি জমা দিলে আবেদন স্থায়ীভাবে প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে নিজের হয়ে অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের এজেন্সির মাধ্যমে আবেদনপত্র পূরণ না করার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে দূতাবাস।
ভিসা-সংক্রান্ত সেবার জন্য কোনো এজেন্সি বা ব্যক্তিকে অনুমোদন দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা ফেরত’ কিংবা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক বিজ্ঞাপনে প্রলুব্ধ না হতে আবেদনকারীদের সতর্ক করেছে দূতাবাস।
চীনা দূতাবাস জানিয়েছে, আইন অনুযায়ী ভিসার মেয়াদ ও চীনে প্রবেশের অনুমতি কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নির্ধারণ করবে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথিত প্রভাব কিংবা বিশেষ সুবিধার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইনানুগ ও স্বচ্ছ ভিসা সেবা নিশ্চিত করতে চীনা দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। কোনো কর্মকর্তা বা স্থানীয় কর্মী ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দূতাবাস।
পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশা, যান চলাচলে ধীরগতি
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মেডিকেলের ২০ শিক্ষার্থী আহত
অর্থনীতি রক্ষায় হরমুজ প্রণালির বিকল্প খোঁজছে ইরাক