ইরান যুদ্ধে না জড়াতে দক্ষিণ কোরিয়ায় গণবিক্ষোভ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকতে দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিক্ষোভকারীরা। কৌশলগত হরমুজ প্রণালিতে নৌবাহিনী মোতায়েনের সম্ভাবনার প্রতিবাদে রাজধানী সিউলে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন কয়েক ডজন মানুষ।

বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের যুদ্ধকে অবৈধ আখ্যা দিয়ে দক্ষিণ কোরিয়াকে এতে অংশ না নেওয়ার আহ্বান জানান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে আগ্রাসনের যুদ্ধে যোগ না দেওয়ার দাবি জানানো হয়।

এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, আমরা আমাদের তরুণদের মৃত্যুর সাগরে পাঠাতে পারি না।

হরমুজ প্রণালির নিরাপত্তায় দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য অবদানের বিষয়টি বর্তমানে পর্যালোচনা করছে সিউল। এর অংশ হিসেবে দেশটির সরকার সংযুক্ত আরব আমিরাতে একটি তথ্যসংগ্রহকারী দল পাঠিয়েছে পরিস্থিতি পর্যালোচনার জন্য। তবে এখন পর্যন্ত কোনো সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সরকার জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার ওপর হরমুজ প্রণালির নিরাপত্তায় সহযোগিতার জন্য চাপ দিয়ে আসছেন। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আলোচনায় সম্ভাব্য অবদানের বিভিন্ন পথ পর্যালোচনা করা হচ্ছে, সরাসরি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নয়।

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে হরমুজ প্রণালি বর্তমানে চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হওয়ায় সেখানে সামরিক উপস্থিতি বাড়ানোর যেকোনো সিদ্ধান্ত আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

দক্ষিণ কোরিয়ায়ও সম্ভাব্য সামরিক অংশগ্রহণ নিয়ে জনমত বিভক্ত। দেশটির সরকার বলছে, হরমুজে কোনো বাহিনী পাঠানোর সিদ্ধান্ত হলে তা আইনগত ও সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই নিতে হবে। সূত্র: আলজাজিরা

এম সি এইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত