ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ এএম

ফিলিপাইনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পালওয়ানের কোডন উপকূলের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনও ৮৭ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে অনুসন্ধান চালাচ্ছেন।

ফিলিপাইন কোস্টগার্ডের দেওয়া তথ্যানুযায়ী, 'এম/ভি জুন অ্যাস্টার' (M/V June Aster) নামের ফেরিটিতে মোট ১৩৪ জন (১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু) ছিলেন। বুধবার সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটায় কোডন পৌরসভার মারসিলা বারাঙ্গায়ের উত্তর-পূর্বে প্রায় ১.২ সামুদ্রিক মাইল দূরে ফেরিটিতে আগুন লেগে যায়। ট্র্যাকিং ডাটা অনুযায়ী, ফেরিটি ম্যানিলা থেকে ছেড়ে কোডনের দিকে যাচ্ছিল।

কোস্টগার্ডের মুখপাত্র ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, এ পর্যন্ত ৪২ জনকে (৩৮ জন যাত্রী ও ৪ জন ক্রু) জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ৫ জনের মরদেহ তীরে আনা হয়েছে। তবে এখনও ৮৭ জন নিখোঁজ রয়েছেন। তিনি উল্লেখ করেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের ও নিখোঁজের এই সংখ্যা পরিবর্তন হতে পারে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজে কোস্টগার্ডের জাহাজ, ফায়ার সার্ভিস, কোডন দুর্যোগ মোকাবিলা দল ও স্থানীয় উদ্ধারকারীরা অংশ নেন। কোস্টগার্ডের 'বিআরপি সুলুয়ান' জাহাজটিও সহায়তার জন্য এল নিডো থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া স্বেচ্ছাসেবক জেলে ও স্থানীয় অন্যান্য নৌযান বেঁচে যাওয়াদের উদ্ধার করে তীরে নিয়ে আসতে সাহায্য করে। কোস্টগার্ডের প্রকাশিত ফুটেজে দেখা যায়, ফেরিটি পুরোপুরি আগুনে ছাই হয়ে গেছে, যা উদ্ধার অভিযানে মারাত্মক বাধা সৃষ্টি করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ৪২ জনের মধ্যে ৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, ৩৩ জন হাসপাতালে ভর্তি আছেন এবং ৩ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। এখন পর্যন্ত নিহত ৫ জনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

ফেরিটিতে কীভাবে আগুন লাগল তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটির সার্বিক অবস্থা এবং রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সমুদ্রের পানিতে তেল ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: গালফ নিউজ

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত