হরমুজ প্রণালিতে আরও কমলো জাহাজ চলাচল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে। প্রাথমিক জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) এই জলপথ দিয়ে মাত্র ৭ টি জাহাজ চলাচল করেছে। আগের দিন ১২টি জাহাজ চলাচল করলেও গত ১০ দিনে এর দৈনিক গড় ছিল ১৪টি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হরমুজ প্রণালি দিয়ে চারটি জাহাজ জলপথটি অতিক্রম করে বাইরে গেছে এবং তিনটি জাহাজ প্রবেশ করেছে।

তবে এই পরিসংখ্যান এখনো চূড়ান্ত নয়। কারণ, কিছু জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের সময় নিজেদের ট্রান্সপন্ডার বন্ধ রাখে। ফলে সেসব জাহাজের অবস্থান ও চলাচল আনুষ্ঠানিক ট্র্যাকিংয়ের হিসাবে যুক্ত হয়নি। পরবর্তী সময়ে তথ্য হালনাগাদ হলে মোট জাহাজ চলাচলের সংখ্যা বাড়তে পারে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস রপ্তানির বড় একটি অংশ এই সরু জলপথের ওপর নির্ভরশীল। ফলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশেষ করে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনে হরমুজ প্রণালির গুরুত্ব অনেক বেশি। এই পথে জাহাজ চলাচল দীর্ঘ সময় স্বাভাবিকের তুলনায় কম থাকলে জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যয় এবং বিশ্ববাজারে তেলের দামের ওপর আরও চাপ তৈরি হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের এই পরিসংখ্যানকে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত