যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম প্রথমবার গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়ালো

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় খুচরা দাম ইতিহাসে প্রথমবারের মতো গ্যালনপ্রতি ৬ ডলারের সীমা অতিক্রম করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, জ্বালানির দামের এই নতুন রেকর্ড প্রকাশ করেছে মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডি।

এর আগে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ডিজেলের সর্বোচ্চ গড় দাম ছিল গ্যালনপ্রতি ৫ দশমিক ৮৫ ডলার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দাম ৬ ডলারের ওপরে উঠে গেছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে সাম্প্রতিক বিঘ্নের প্রভাব যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারেও পড়ছে। ইরানকে ঘিরে যুদ্ধ এবং রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলার কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে অপরিশোধিত তেলের সরবরাহ ও পরিশোধন সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এর প্রভাব পড়ছে পরিবহন জ্বালানির দামেও। বিশেষ করে ডিজেলের দাম বাড়ায় পণ্য পরিবহন, কৃষি ও শিল্প খাতে ব্যয়ের চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ডিজেল অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি। ট্রাক, পণ্যবাহী যান, কৃষিযন্ত্র এবং বিভিন্ন শিল্প খাতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে ডিজেলের দাম বাড়লে শুধু ভোক্তার জ্বালানি ব্যয়ই নয়, পণ্য পরিবহন ব্যয়ও বেড়ে যেতে পারে।

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা ও রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলার প্রভাব নিয়ে ইতোমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে জ্বালানির বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্যালনপ্রতি ৬ ডলার অতিক্রমের নতুন রেকর্ড তাই শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি বাজারের ঘটনা নয়; এটি বৈশ্বিক তেল সরবরাহ ও ভূরাজনৈতিক উত্তেজনার অর্থনৈতিক প্রভাবেরও একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে।

ওয়াইএ
আরও পড়ুন