রিয়াদে হামলার মধ্যেও চলবে সৌদির তেল ও বিনিয়োগ সম্মেলন

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক হুঁশিয়ারি এবং রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরও নির্ধারিত সূচি অনুযায়ী বড় দুটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আয়োজকেরা জানিয়েছেন, ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেস ও ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) পূর্বপরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা। এতে বিশ্বের শীর্ষ তেল কোম্পানির নির্বাহী, নীতিনির্ধারক ও সৌদি সরকারের কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকায় রয়েছে এক্সনমোবিল, শেল ও উডসাইড এনার্জির মতো বড় জ্বালানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সম্মেলনে অংশগ্রহণকারীদের পাঠানো এক ই-মেইলে আয়োজকেরা জানিয়েছেন, অতিথিদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে রিয়াদে পৌঁছানোর বিকল্প পথের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের পূর্ব উপকূলীয় শহর দাম্মাম থেকে সড়কপথে প্রায় চার ঘণ্টা ভ্রমণের বিকল্প রয়েছে।

এদিকে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভও আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ ও ব্যবসা নিয়ে আলোচনার এই সম্মেলনে বিশ্বের বড় আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের অংশ নেওয়ার কথা রয়েছে। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন জেপি মরগানের প্রধান নির্বাহী জেমি ডিমন এবং সিটির প্রধান নির্বাহী জেন ফ্রেজার।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা ঘোষণা করে বিমান সংস্থাগুলোকে ওই আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিয়েছে।

চলতি মাসের শুরুতে ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর এই সতর্কবার্তা আসে। ইরান-সমর্থিত গোষ্ঠী হিসেবে পরিচিত হুথিদের এ ঘোষণায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি ও আকাশপথে চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরও সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত সৌদি আরবের আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম স্বাভাবিক রাখার প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে। তবে আয়োজকেরা সম্মেলন চালিয়ে যাওয়ার কথা জানালেও নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন হলে ভ্রমণসূচি ও অংশগ্রহণকারীদের পরিকল্পনায় প্রভাব পড়তে পারে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত