তুরস্কে পর্যটকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং ২৭ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের আকহিসার (Akhisar) টোল প্লাজার কাছে পর্যটকবাহী একটি বাসের সাথে একটি টো ট্রাকের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

মানিসা গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার পর পরেই তারা এই দুর্ঘটনার খবর পান। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী ও স্বাস্থ্য টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে বাসের চালকও ছিলেন, তবে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বাসের ঠিক পাশেই সারিবদ্ধভাবে নীল রঙের বডি ব্যাগে লাশগুলো রাখা রয়েছে। সংঘর্ষের তীব্রতায় বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং কাঠবোঝাই টো ট্রাকটিও উল্টে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা চিফতচি নিহতদের দেশের নাগরিক হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন, তবে তাদের মধ্যে কোনো বিদেশি পর্যটক আছেন কি না তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মানিসার গভর্নর ওয়াহদেত্তিন ওজকান জানান, সরকারি কৌঁসুলি বা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সমন্বয়ে উদ্ধারকাজ ও তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলা যে কতটা জরুরি, তা আমরা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়কভাবে আবারও প্রত্যক্ষ করলাম।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত