ইয়েমেনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর জোর ইরানের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম

ইয়েমেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ইয়েমেনের ওপর আরোপিত অবরোধের নিন্দা জানিয়েছেন তিনি।

ইরানের সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদুল ওয়াহিদ আবু রাসকে পাঠানো এক বার্তায় আরাগচি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় আরাগচি বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের ঐতিহাসিক সম্পর্ক অভিন্ন স্বার্থের ভিত্তিতে আরও শক্তিশালী ও বিস্তৃত করা উচিত। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়েও বার্তায় আলোচনা করা হয়।

ইয়েমেনের ওপর আরোপিত অবরোধেরও কঠোর সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, ইয়েমেনের ওপর অন্যায্য ও অবৈধ অবরোধ দেশটির জনগণের জন্য গুরুতর দুর্ভোগ সৃষ্টি করেছে।

ইরান ও ইয়েমেনের সম্পর্ক জোরদারের এ আহ্বান এমন এক সময়ে এল, যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। ইয়েমেনের হুথি আন্দোলন এবং ইরানের আঞ্চলিক নীতিকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক ও নিরাপত্তাগত টানাপোড়েন রয়েছে।

তবে আরাগচির বার্তায় দুই দেশের সম্পর্ক সম্প্রসারণের কথা বলা হলেও নতুন কোনো চুক্তি, সামরিক সহযোগিতা বা নির্দিষ্ট কর্মপরিকল্পনার বিস্তারিত উল্লেখ করা হয়নি।

ওয়াইএ
আরও পড়ুন