'একই নাম, একই পেশা', চীনা দম্পতির বিয়ে নিয়ে নেটদুনিয়ায় কৌতূহল

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম

একই নাম, একই পেশা—এমন বিরল মিলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন চীনের এক নবদম্পতি। তাঁদের দুজনের নামই ঝু শিয়াওছং (Zhu Xiaocong)। নামের চীনা অক্ষরও একই। ঘটনাটিকে কেউ নিছক কাকতালীয় বলছেন, আবার কেউ দেখছেন ভাগ্যের অদ্ভুত মিল হিসেবে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে গত ৬ অক্টোবর বিয়ে করেন ৩৩ বছর বয়সী বর ঝু শিয়াওছং এবং ২৮ বছর বয়সী কনে ঝু শিয়াওছং। বিয়ের অনুষ্ঠানের একটি পোস্টার অনলাইনে ছড়িয়ে পড়ার পর তাঁদের একই নামের বিষয়টি মানুষের নজরে আসে।

কনের ভাষ্য অনুযায়ী, তাঁর স্বামীকে আগে থেকে চিনতেন না—এমন কয়েকজন আত্মীয় বিয়ের পোস্টারে বর-কনের নাম একই দেখে প্রথমে ভেবেছিলেন, আয়োজকেরা হয়তো ভুল করেছেন। পরে তাঁরা বুঝতে পারেন, এটি কোনো ভুল নয়; বর ও কনের নাম সত্যিই এক।

নামের এই অদ্ভুত মিলের পাশাপাশি তাঁদের পেশাতেও রয়েছে মিল। দুজনই বেসামরিক বিমান চলাচল খাতে কাজ করেন। একই নাম ও একই পেশার কারণে তাঁদের বিয়ের গল্পটি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি আগ্রহ তৈরি করেছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী এই ঘটনাকে বিরল কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন। কেউ কেউ আবার তাঁদের একসঙ্গে হওয়ার পেছনে ভাগ্যের হাত রয়েছে বলেও মন্তব্য করেছেন।

এমনকি কয়েকজন মজা করে পরামর্শ দিয়েছেন, ভবিষ্যতে তাঁদের সন্তান হলে তার নাম রাখা যেতে পারে ‘ছংছং’। দম্পতির অভিন্ন নাম থেকেই এসেছে এই মজার প্রস্তাব।

একই নামের কারণে ভবিষ্যতে কখনো কখনো বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে আপাতত এই ব্যতিক্রমী মিল তাঁদের বিয়েকে অনলাইনে আলোচিত এক ঘটনায় পরিণত করেছে। অনেকের কাছে এটি যেমন মজার, তেমনি দুজন মানুষের জীবনে অপ্রত্যাশিত মিলের একটি আকর্ষণীয় গল্পও।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত