দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের জলপাই বাগান থেকে ফসল চুরির বৈধতা দিয়ে চরম বিতর্ক তৈরি করেছেন উগ্র ইসরায়েলি রাবাই দোভ লিওর। বিতর্কিত এই ইহুদি ধর্মীয় অনুশাসনে তিনি ফিলিস্তিনিদের ফসল ছিনিয়ে নেওয়াকে একটি "অতিরিক্ত পুণ্য" বলে আখ্যা দেন।
লিওর তার অনুশাসনে দাবি করেন, ইসরায়েলি বিধিনিষেধের কারণে যেসকল ফিলিস্তিনি কৃষক নিজেদের জমিতে যেতে পারেননি, বিগত বছরগুলোর ফসলেই তাদের ক্ষতিপূরণ হয়ে গেছে। তিনি বসতি স্থাপনকারীদের ইহুদি লোকালয় ছেড়ে ফিলিস্তিনি ভূখণ্ডে গিয়ে মালিকানা জাহির করার আহ্বান জানান।
উগ্রপন্থী এই রাবাইয়ের বিতর্কিত নির্দেশনাটি এমন এক সময়ে এলো, যখন পশ্চিম তীরজুড়ে জলপাই তোলার মৌসুমে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা চরমে পৌঁছেছে। সম্প্রতি ফসল কাটার সময় সামরিক বাহিনী ও উগ্র বসতি স্থাপনকারীদের পৃথক ৩৪টি হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
সহিংসতার খবর সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় 'দ্য ওয়াশিংটন পোস্ট'-এর এক মার্কিন আলোকচিত্রীও লাঞ্ছনার শিকার হন। একই সাথে উগ্রবাদীরা ফিলিস্তিনিদের একাধিক যানবাহনে অগ্নিসংযোগ করে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বিধিনিষেধের কারণে অনেক কৃষক তাদের ক্ষেতে যেতে পারছেন না।
তবে এই চুরির নির্দেশকে সব ইহুদি ধর্মীয় নেতা সমর্থন জানাননি। 'গুশ এতজিওন' বসতির রাবাইরা এক যৌথ চিঠিতে ফিলিস্তিনিদের ফসল চুরিকে অধর্ম ও নৈতিক ত্রুটি হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া ৮০০ অর্থোডক্স রাবাইয়ের সংগঠন 'জোহার' জানিয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি অনুযায়ী জলপাইয়ের মালিক ফিলিস্তিনিরাই।
রাজনৈতিক বিশ্লেষক মামুন আবু আমীর আল জাজিরাকে জানান, অন্যান্য রাবাইদের এই বিরোধিতার পেছনে কৌশলগত কারণ থাকতে পারে। তারা বিশ্বমঞ্চে এটি বোঝাতে চান যে, এসব চরমপন্থী সহিংসতা সমগ্র ইসরায়েলি সমাজের মনোভাব নয়, বরং গুটি কতক উগ্র যুবকের কাজ।
উল্লেখ্য, উগ্রপন্থী রাবাই লিওর ইসরায়েলের বর্তমান জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের দলের আধ্যাত্মিক অভিভাবক। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে ইসরায়েলি সমাজে তৈরি হওয়া চরমপন্থী আবহকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা ও ভোট বাড়াতেই বেন-গভির এই ধরণের মতাদর্শ লালন করছেন।
অন্যদিকে, ইসরায়েলের বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির নেসেট সদস্য গিলাদ কারিভ এই ফতোয়ার তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, রাবাই লিওর এবং তার অনুসারীরা ইসরায়েলকে এক গভীর নৈতিক অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে।
সূত্র: আল জাজিরা
হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, রিয়াদে ড্রোন ভূপাতিত
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ প্রাণহানি, আহত ১০