‘ইরানকে তুলোধুনো করেছি’, পারমাণবিক ক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বিজয় হয়েছে এবং দেশটির পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান যাতে আবার সেই সক্ষমতা গড়ে তুলতে না পারে, তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আরও দীর্ঘ সময় অবস্থান করতে হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কেনটাকিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানে সেই ছোট্ট অভিযান চালানোর সময় আমরা তাদের তুলোধুনো করেছি। আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছি।’

ট্রাম্প আরও বলেন, তাঁর উপদেষ্টাদের তিনি জানিয়েছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা যাতে পুনর্গঠিত না হয়, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চলে আরও কিছু সময় থাকতে হতে পারে।

‘আমাদের নিশ্চিত করতে হবে, যেন এটি আবার ফিরে না আসে। আমরা সেটিই করছি,’ বলেন তিনি।

দ্রুত যুদ্ধ শেষ হওয়ার পূর্বাভাস

সমাবেশে ট্রাম্প দাবি করেন, যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হয়ে যাবে। তবে কীভাবে যুদ্ধের অবসান ঘটবে কিংবা এ বিষয়ে কোনো কূটনৈতিক সমঝোতা হয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই নতুন করে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এর আগে তিনি ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় অবস্থিত বলে পরিচিত একটি সুরক্ষিত স্থাপনায় হামলার সম্ভাবনার কথা বলেছিলেন। তবে ওই স্থাপনায় নতুন করে হামলার কোনো সিদ্ধান্তের কথা তিনি শনিবারের বক্তব্যে জানাননি।

পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক

ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে—ট্রাম্পের এ দাবির স্বাধীন ও পূর্ণাঙ্গ যাচাইয়ের তথ্য প্রকাশ্যে নেই। এর আগে অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেলেও প্রকৃত ক্ষয়ক্ষতি এবং দেশটির পুনর্গঠনের সক্ষমতা নির্ধারণে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শন করতে না পারায় মূল্যায়নও জটিল হয়েছে।

ফলে ট্রাম্পের বক্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবি হিসেবে দেখা জরুরি; ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো স্বাধীন প্রমাণ এখনো স্পষ্ট নয়।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত