হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনী না থাকলে পেট্রোলের দাম তিন গুণ হতো: ভ্যান্স

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি না থাকলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বর্তমানের তুলনায় তিন গুণ বেশি হতো বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমতে শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক টাউন হল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভ্যান্স এসব কথা বলেন। রোববার (১৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরা হয়।

তিনি স্বীকার করেন, বর্তমানে পেট্রলের দাম অনেক বেশি। তবে এর জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং তেলবাহী ট্যাংকারে ইরানের হামলাকে দায়ী করেন তিনি।

ভ্যান্স বলেন, ‘বিশ্বের জ্বালানি সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে একটি দেশ, এমন পরিস্থিতি আমরা আগে কখনো দেখিনি।’

মার্কিন ভাইস প্রেসিডেন্টের দাবি, হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসের পরিবহন সচল রাখতে মার্কিন নৌবাহিনী কাজ করছে। তাদের উপস্থিতি না থাকলে পেট্রলের দাম তিন গুণ বেশি হতে পারত।

তিনি বলেন, ‘আমরা যদি সেখান থেকে চলে যাই এবং ইরানকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে দিই, তাহলে আপনাদের পেট্রলের জন্য অনেক বেশি অর্থ ব্যয় করতে হবে।’

ভ্যান্স জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে থাকবে। পাশাপাশি ইরান যাতে তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন না করে, সে বিষয়ে দেশটির কাছ থেকে যাচাইযোগ্য প্রতিশ্রুতি আদায় করাও ওয়াশিংটনের লক্ষ্য।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত