ট্রাম্প ও শি জিনপিংকে নিয়ে সম্মেলনের প্রস্তাব পুতিনের

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে একটি ত্রিপক্ষীয় সম্মেলনের প্রস্তাব দিয়েছেন। ইউক্রেনের চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধে আলোচনার জন্য এ সম্মেলনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত সমাধান রাশিয়ার স্বার্থের অনুকূলে হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে আলোচনার বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় পুতিন এ সম্মেলনের প্রস্তাব দেন। ওই ফোনালাপের পর দুই দেশের মধ্যে রাশিয়ার ডিজেল কেনার বিষয়ে একটি চুক্তিও হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ট্রাম্প ও পুতিনের মধ্যে সম্পর্কের উষ্ণতা বেড়েছে। রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির ঘোষণা দেওয়ার পাশাপাশি গত শুক্রবার মস্কোর ওপর আরোপিত কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা শিথিল করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। ডব্লিউএসজের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে ক্রেমলিন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে এপেক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলার বিষয়টি ডব্লিউএসজেকে নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে বৈঠকটি হবে কি-না কিংবা এর আলোচ্যসূচি কী হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। তিন পক্ষই এমন একটি বৈঠক আয়োজনের সম্ভাবনা স্বীকার করেছে বলেও জানান পেসকভ।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ডব্লিউএসজেকে জানিয়েছেন, ট্রাম্প এখনো এ ধরনের সম্মেলনে সম্মতি দেননি। তবে প্রস্তাবটি তার বিবেচনায় আসতে পারে। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে হোয়াইট হাউসের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। নিয়মিত কর্মঘণ্টার বাইরে থাকায় ক্রেমলিনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ওয়াশিংটনে রাশিয়া ও চীনের দূতাবাসও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

এদিকে, রাশিয়ার সঙ্গে ডিজেল কেনার চুক্তি এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আশঙ্কা, এসব পদক্ষেপ পুতিনকে আরও উৎসাহিত করতে পারে এবং ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত