ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বর্তমান সরকার উৎখাতের বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনরায় প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, তেহরানের ক্ষমতার পতন ঘটানো সম্ভব হলেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল করা যাবে।
লেবানন সীমানার কাছে অবস্থিত কিরিয়াত শমোনা শহরের তেল হাই বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি জানান, হিজবুল্লাহকে পেছাতে ইসরায়েলি বাহিনী সফল হলেও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেনা অভিযান থামবে না।
নেতানিয়াহুর মতে, অভিযানের চূড়ান্ত লক্ষ্য হলো ইরানের ক্ষমতার পতন ঘটানো, যাকে তিনি একটি ক্ষতিকর ‘অক্টোপাস’ হিসেবে বর্ণনা করেন। অক্টোপাসের মাথা বিচ্ছিন্ন করতে পারলে পুরো শরীর যেমন অকেজো হয়, ঠিক তেমনি লেবাননের সঙ্গেও দীর্ঘস্থায়ী শান্তি আনা সম্ভব হবে।
এই রূপরেখা বাস্তবায়ন এবং ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একাধিকবার কথা বলেছেন বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমনকি সাম্প্রতিক সময়ের আলোচনার তথ্যও তিনি অনুষ্ঠানে নিশ্চিত করেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান ইরান সরকার ক্ষমতায় থাকলে তারা পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরি ও জোট পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাবে। সরকার দুর্বল হলেও তাদের কট্টরপন্থী নীতির কারণে এই ঝুঁকি থেকে যাবে।
তাই নেতানিয়াহুর স্পষ্ট বক্তব্য, যেকোনো সম্ভাব্য বিপদ স্থায়ীভাবে দূর করতে ইরান সরকারের অপসারণই একমাত্র পথ। এটি অর্জিত হলে হিজবুল্লাহর বিস্তার রোধ এবং সম্পূর্ণ নির্মূলের পথও সহজ হয়ে যাবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা: বিচ্ছিন্ন পা