তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপের কাছে চীনের টহল ঘিরে উত্তেজনা

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম

দক্ষিণ চীন সাগরে তাইওয়ান নিয়ন্ত্রিত প্রবালদ্বীপ প্রাতাসের কাছে নিজেদের কোস্টগার্ডের তৎপরতাকে ‘শৃঙ্খলা রক্ষার’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে চীন। বেইজিংয়ের দাবি, ওই অঞ্চলে টহল দিয়ে তাদের কোস্টগার্ড স্বাভাবিক নৌ চলাচল ও কার্যক্রমের শৃঙ্খলা বজায় রাখছে। তবে তাইওয়ানের অভিযোগ, দ্বীপটির কাছে চীনা জাহাজের বারবার উপস্থিতি উসকানিমূলক এবং এর মাধ্যমে বেইজিং ওই অঞ্চলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে।

বুধবার (২১ অক্টোবর) চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র ঝাং হান নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলো এবং সেগুলোর আশপাশের জলসীমার ওপর চীনের ‘অনস্বীকার্য সার্বভৌমত্ব’ রয়েছে। সংশ্লিষ্ট জলসীমায় চীনা কোস্টগার্ডের আইন প্রয়োগমূলক টহল আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

গত রোববার থেকে প্রাতাস দ্বীপের কাছে চীনা কোস্টগার্ডের জাহাজের উপস্থিতির দুটি ঘটনা শনাক্ত করার কথা জানিয়েছে তাইওয়ান। এর আগে, চীনা একটি মাছ ধরার নৌকাকে জলকামান দিয়ে বাধা দেওয়ার ঘটনায় তাইওয়ানকে ‘পরিণতি ভোগ করতে হবে’ বলে সতর্ক করেছিল বেইজিং।

প্রাতাস দ্বীপপুঞ্জ দক্ষিণ তাইওয়ান ও হংকংয়ের মাঝামাঝি অবস্থিত। তাইওয়ান থেকে এর দূরত্ব ৪০০ কিলোমিটারেরও বেশি। সেখানে স্থায়ী বেসামরিক জনবসতি নেই। তবে কৌশলগত অবস্থানের কারণে দ্বীপপুঞ্জটি গুরুত্বপূর্ণ। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করলেও তাইপে বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাইওয়ানের কর্মকর্তাদের অভিযোগ, কোস্টগার্ডের টহল ও আইন প্রয়োগের দাবি তুলে চীন আশপাশের জলসীমা ও দ্বীপগুলোর ওপর কার্যত কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স

জেএম
আরও পড়ুন