অবৈধ অভিবাসন ও আন্তদেশীয় অপরাধ দমনে ১০ দিনের অভিযানে বাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কম্বোডিয়া সরকার। বহিষ্কৃতদের মধ্যে ৯৫ জন নারী রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম খামের টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা এবং অভিবাসন বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সোক ভেসনার নির্দেশনায় তদন্ত ও পদ্ধতি বিভাগ এই বহিষ্কার কার্যক্রম সম্পন্ন করে।
ফেরত পাঠানো ব্যক্তিরা ইন্দোনেশিয়া, চীন, বাংলাদেশ, ফিলিপাইন, নাইজেরিয়া, পাকিস্তান, ক্যামেরুন, জাপান, ঘানা, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উগান্ডা, ভারত, মিয়ানমার, ফ্রান্স, লাইবেরিয়া, সুইজারল্যান্ড, উজবেকিস্তান ও যুক্তরাষ্ট্রের নাগরিক।
অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে বিশেষ বিমানে ৯০ জন চীনা নাগরিককে ফেরত পাঠানো হয়। এ ছাড়া টেকো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফেরত পাঠানো হয় ৩৫৫ জন ইন্দোনেশীয় নাগরিককে।
বাকি ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপার, জাল নথি ব্যবহার, পাসপোর্ট ছাড়া অবস্থান, অপহরণ ও চাঁদাবাজি, ভুয়া ভিসা বা কিউআর কোড ব্যবহার, মাদক কারবার এবং অবৈধ কর্মসংস্থানসহ বিভিন্ন অভিযোগ ছিল। তাঁদের আন্তর্জাতিক সীমান্তের তল্লাশিচৌকি দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জানিয়েছেন, দেশটিকে অপরাধ ও অনলাইন প্রতারণার কেন্দ্র হতে দেওয়া হবে না। জাতীয় নিরাপত্তা রক্ষায় অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ছাড় না দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র: খামের টাইমস
লাদেন যেখানে ছিলেন, দাউদ ইব্রাহিমও সেখানে আছেন: জাতিসংঘে ভারত