আটলান্টিক মহাসাগরের নাম নিজের নামে কিংবা আমেরিকার নামে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গুগল ম্যাপসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই সেই প্রস্তাবে রাজি হননি বলে জানিয়েছেন ট্রাম্প।
বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। ট্রাম্প জানান, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে তিনি সরাসরি গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা বলেছিলেন। তবে পিচাই তাঁকে বুঝিয়েছেন, মহাসাগরের নাম পরিবর্তন করা সহজ নয়।
সমাবেশে ট্রাম্প বলেন, তিনি শুধু আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর—এই দুটি মহাসাগর নিয়েই ভাবেন। অন্য কোনো মহাসাগরের নাম নিজের বা আমেরিকার নামে রাখার আগ্রহ তাঁর নেই। আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি গুগল ম্যাপসের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও জানান।
এ সময় মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের প্রসঙ্গও তোলেন ট্রাম্প। তিনি বলেন, উপসাগরের নাম পরিবর্তনের ঘটনায় গুগল আগে সহযোগিতা করেছিল। তবে এবার আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের প্রস্তাব শুনে সুন্দর পিচাই তাঁকে আপত্তির কথা জানান।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পিচাই তাঁকে বলেছেন, মহাসাগরের বিষয়টি আলাদা। কারণ, একটি মহাসাগর অনেক দেশের সঙ্গে সম্পর্কিত। তাই এর নাম পরিবর্তনের অনুরোধ রাখা সম্ভব নয়।
এরপর ট্রাম্প সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, তিনি সম্ভবত প্রস্তাবটি আর এগিয়ে নেবেন না। বরং আটলান্টিক মহাসাগরের নাম আগের মতোই রাখার পক্ষে মত দেন তিনি।
আগেও ভৌগোলিক নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প
এর আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার জন্য নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। একইভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বিরোধের সময় অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার উদ্যোগ নিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোকে নতুন নাম ব্যবহার করার নির্দেশও দিয়েছিলেন।
গুগল ম্যাপস এর আগে ট্রাম্পের নাম পরিবর্তনের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য মেক্সিকো উপসাগর ও অন্টারিও হ্রদের নাম যথাক্রমে ‘গালফ অব আমেরিকা’ ও ‘লেক আমেরিকা’ হিসেবে দেখিয়েছে। তবে অনুসন্ধানের ফলাফলে নতুন নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে পুরোনো নামও রাখা হয়েছে।
অন্যদিকে, মেক্সিকো ও কানাডার ব্যবহারকারীরা এখনো ওই স্থানগুলোর প্রচলিত নাম দেখতে পান। নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এর আগে মেক্সিকো ও কানাডাসহ বিভিন্ন মহলে সমালোচনা হয়েছিল।
ট্রাম্পের সর্বশেষ প্রস্তাব নিয়ে মন্তব্য জানতে গুগলের সঙ্গে যোগাযোগ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে প্রতিষ্ঠানটির বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সৌদির দুই বিমানবন্দরে ‘সব ধরনের ভ্রমণ’ এড়াতে কানাডার সতর্কতা
নির্বাচনী সভায় কুরআনের যে আয়াত উদ্ধৃত করলেন বিল ক্লিনটন