ইকুয়েডরের দুই কারাগারে দাঙ্গা, নিহত ৮

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুটি কারাগারে পৃথক দাঙ্গার ঘটনায় ৮ বন্দি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির কোটোপাক্সি ও পিচিঞ্চা প্রদেশের কারাগারগুলোতে এসব সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

কারাগার পরিচালনার দায়িত্বে থাকা সরকারি সংস্থা ন্যাশনাল সার্ভিস ফর কমপ্রিহেনসিভ কেয়ার অব অ্যাডাল্টস ডিপ্রাইভড অব লিবার্টি অ্যান্ড অ্যাডোলেসেন্ট অফেন্ডার্স (এসএনএআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হতাহতের তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, লাতাকুঙ্গা শহরের একটি কারাগারে চার বন্দি নিহত হয়েছেন। একই দিনে রাজধানী কিতোর এল ইনকা কারাগারে প্রাণ হারিয়েছেন আরও চারজন। দুই ঘটনায় আহত ১০ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাঁদের উপকূলীয় সান্তা এলেনা প্রদেশে অবস্থিত সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত এল এনকুয়েন্ত্রো কারাগারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এসএনএআই।

এদিকে, কারাগার দুটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন। সহিংসতা বন্ধ করে কারাগারগুলোর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই এসব অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইকুয়েডরে কারাগারগুলো দীর্ঘদিন ধরেই সহিংসতার কেন্দ্র হিসেবে পরিচিত। ২০২১ সাল থেকে প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোর মধ্যে সংঘর্ষ ও ধারাবাহিক হত্যাকাণ্ডে দেশটির কারাগারগুলোতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

ওয়াইএ
আরও পড়ুন