আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছেন ম্যাক্রোঁ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম

শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত হাইস্কুলের শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশজুড়ে নতুন করে বিক্ষোভের প্রস্তুতির মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠেয় বৈঠকটি হবে শিক্ষার্থীদের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের প্রথম সরাসরি আলোচনা। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শিক্ষাব্যবস্থায় সংস্কার, পর্যাপ্ত অর্থায়ন এবং শিক্ষকসংকট নিরসনের দাবিতে আন্দোলন করে আসছে দেশটির হাইস্কুলের শিক্ষার্থীরা।

আন্দোলনের গতি ধরে রাখতে শিক্ষার্থীরা নতুন করে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় পুলিশের উপস্থিতি ২০ শতাংশ বাড়ানোর কথা জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত সপ্তাহের শেষ দিকে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে কিছু এলাকায় তা সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠে। এ কারণে শনিবারের সম্ভাব্য বিক্ষোভ ঘিরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে চলাচলে বিধিনিষেধ আরোপের পাশাপাশি সান্ধ্য আইন বা কারফিউ কার্যকর থাকবে। অন্যদিকে মার্শেই ও লিওঁ শহরে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে স্কুলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, আরও শিক্ষক নিয়োগ এবং নিজেদের ভবিষ্যৎ-সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা।

আন্দোলন দীর্ঘায়িত হওয়ায় সরকারও চাপের মুখে পড়েছে। রাজনৈতিক অচলাবস্থা ও ক্রমবর্ধমান ঋণের চাপে থাকা ফরাসি প্রশাসনের সামনে এখন শিক্ষার্থীদের অসন্তোষ প্রশমিত করার চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

ফ্রান্সের ছাত্র সংগঠন লাইসি অ্যাসোসিয়েশনের নেতৃত্বস্থানীয় কর্মী ১৮ বছর বয়সী শিক্ষার্থী সুমাইয়া সারে বলেন, বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয়নি। এখন তারা প্রতিশ্রুতির বদলে দৃশ্যমান ফলাফল এবং হাইস্কুলগুলোতে কার্যকর পরিবর্তন দেখতে চান।

শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলগুলোতে শিক্ষকের তীব্র সংকট, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং জরাজীর্ণ ভবনের মতো সমস্যাগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। এসব সমস্যার সমাধান ও শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের দাবিতেই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

এমইউ
আরও পড়ুন