শনিবার-রোববারের মধ্যেই ইরানে হামলা হতে পারে: ট্রাম্পের বিশেষ দূত

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ এএম

ইরানে শনিবার বা রোববারের মধ্যে নতুন করে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত টম ব্যারাক। তবে হামলার অনুমতি দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করেননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারাক বলেন, নতুন হামলার লক্ষ্য ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করা নাও হতে পারে। ট্রাম্প এমন একটি পরিস্থিতি চান, যেখানে জিম্মি করা বা হুমকির ঘটনা থাকবে না এবং বিশ্বে উত্তেজনা কমবে।

ব্যারাক জানান, ট্রাম্প এখনো আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্রের শর্ত ইরান মেনে নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তার একমাত্র নিশ্চয়তাদাতা যুক্তরাষ্ট্র নয়, বরং দেশটি এ অঞ্চলের নিরাপত্তায় এক ধরনের বীমাকারীর ভূমিকা পালন করে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। ব্যারাক সতর্ক করে বলেন, ভুল হিসাব-নিকাশ থেকে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

শুক্রবার ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাত দ্রুত শেষ হতে পারে। তবে সংঘাত থামানো হবে, নাকি ইরানকে আরও দুর্বল হতে দেওয়া হবে—তা নিয়ে তিনি ভাবছেন। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের সামরিক সক্ষমতা অচল করে দিতে পারে এবং দেশটির ভূখণ্ড ও তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার সামর্থ্যও তাদের রয়েছে।

সূত্র: শাফাক নিউজ

ওয়াইএ
আরও পড়ুন