ইসরায়েলে আসন্ন নির্বাচন সামনে রেখে ইরান-সংশ্লিষ্ট একটি সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।
রোববার (২৫ অক্টোবর) প্রচারিত এক প্রতিবেদনে চ্যানেল ১২ জানায়, প্রস্তাবিত ওই অভিযান ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে। তবে অভিযানটির প্রকৃতি বা লক্ষ্য কী, তা প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান জামির অভিযান পরিচালনার নির্দেশ বাস্তবায়নের আগে এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং রাজনৈতিক নেতৃত্বের স্বাক্ষরিত আইনি অনুমোদন চেয়েছেন। ইরানকে ঘিরে উত্তেজনা নির্বাচনে রাজনৈতিক সুবিধা আদায়ের কাজে ব্যবহার করা হতে পারে, সামরিক নেতৃত্বের মধ্যে এমন উদ্বেগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত অভিযান দ্রুত ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে রূপ নিতে পারে। এছাড়া বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে ভুল হিসাব-নিকাশের কারণে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে রোববার রাতে ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সেনাপ্রধানের সঙ্গে বিরোধের খবর অস্বীকার করেন। তিনি বলেন, ‘কোনো সংঘাত নেই।’ চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক কর্মকর্তারাও নির্বাচনী সুবিধা অর্জনের জন্য ইরান ইস্যু ব্যবহার করার অভিযোগ নাকচ করেছেন।
একই সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীকে ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন। তবে চ্যানেল ১২ নিশ্চিত করতে পারেনি, আলোচিত অপ্রকাশিত সামরিক অভিযানটি নেতানিয়াহুর ওই নির্দেশের সঙ্গে সম্পর্কিত কি-না। নেতানিয়াহু আরও দাবি করেন, ইরান আবারও তার পারমাণবিক কর্মসূচি চালু করেছে। তিনি ইসরায়েলের আসন্ন নির্বাচনকে দেশটির অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন হিসেবে তুলে ধরেন।
এর আগে রোববার নেতানিয়াহু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি তেল আবিবের আকাশে পারমাণবিক বিস্ফোরণের একটি ছবি প্রকাশ করেন। ছবিটির সঙ্গে দেওয়া বার্তায় ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের আশঙ্কা তুলে ধরেন তিনি। তবে নেতানিয়াহুর এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিরোধী দলের দুই নেতা গাদি আইজেনকোট ও ইয়ার গোলান। তাদের অভিযোগ, নির্বাচনের আগে নেতানিয়াহু জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়াচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের ২৭ অক্টোবরের সংসদীয় নির্বাচনকে সামনে রেখে ইরান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। তবে সম্ভাব্য সামরিক অভিযানটির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় এর লক্ষ্য, পরিধি এবং ইরানের সঙ্গে সংঘাতের আশঙ্কা কতটা বাস্তব তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: আনাদোলু এজেন্সি
চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় জেল খাটছেন ভারতীয় যুবক
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ
পাকিস্তানের সঙ্গে মালদ্বীপের ঘনিষ্ঠতা, ভারতের উদ্বেগের কারণ কী?