পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন হেগসেথ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম

ইরানে নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতির মধ্যেই পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ব্রেট সিলভিয়া যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক পরিমণ্ডলে এ পদটি ‘জে-৫’ নামে পরিচিত। হেগসেথের দায়িত্বকালে এই পদ থেকে অপসারিত দ্বিতীয় জেনারেল তিনি।

এর আগে গত বছরের অক্টোবরে সিলভিয়ার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকে অবসরে যেতে বাধ্য করা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, সিলভিয়াকে বরখাস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে এখনো কারও নাম ঘোষণা করা হয়নি। এর আগে মার্কিন সাময়িকী *দ্য আটলান্টিক* এ খবর প্রকাশ করে।

জয়েন্ট স্টাফের এক মুখপাত্র সিলভিয়া ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের জন্য ৩২ বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর এই দীর্ঘ সেবার জন্য জয়েন্ট চিফস অব স্টাফ, জয়েন্ট স্টাফ এবং জয়েন্ট ফোর্সের পক্ষ থেকে তাঁকে ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী সামরিক পদক্ষেপ নিয়ে যখন আলোচনা চলছে, তখন পেন্টাগনের গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনাবিদের এই অপসারণের ঘটনা সামনে এল। তবে সিলভিয়াকে বরখাস্তের সঙ্গে ইরান-সংক্রান্ত সামরিক পরিকল্পনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত