গাজা ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১২:২০ পিএম

খবর সংযোগ ডেস্ক: ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ ইস্যুতে আবারও বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার (৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত চারবার বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ও পাল্টা ভেটোর কারণে কোনোবারই কোনো প্রস্তাব পাস হয়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে। এ ঘটনার পরপর সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

এ ছাড়া গত শুক্রবার গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের পাশে একটি অ্যাম্বুলেন্স বহরে ইসরায়েল বোমা হামলা চালালে ১৫ জন নিহত এবং ৬০ জন আহত হন।

রোববার গাজায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করে ফেলার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছেন জর্ডান।

সূত্র: তাস

MB
আরও পড়ুন