গিনির বৃহত্তম শহর কোনাক্রির তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। দেশটির একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতির পরিমাণ এখনো অস্পষ্ট।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গিনির প্রধান তেল ডিপোতে স্থানীয় সময় ভোরে বিস্ফোরণটি হয়। এতে কোনাক্রি শহরের কেন্দ্রস্থলে কালুম প্রশাসনিক জেলা কেঁপে ওঠে। এর কাছাকাছি বাড়ির জানালাগুলো ভেঙে পড়ে। এতে শত শত মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়।
নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান জিন ট্রাওরে জানান, বিস্ফোরণে এ পর্যন্ত ৮৮ জন আহত হয়েছেন। এর আগে তিনি ১১ জনের মৃত্যুর খবর দিয়েছিলেন।
সরকার একটি বিবৃতিতে বলেছে, আগুনের উৎস এখনো জানা যায়নি। আগুনের কারণ এবং কোন পক্ষ এর জন্য দায়ী তা নির্ধারণের জন্য তদন্ত শুরু হবে।
সূত্র : রয়টার্স