মস্কোর কনসার্টে হামলার ঘটনায় একই পরিবারের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাশিয়া পুলিশ। তারা হলেন- দিলোভার ইসলোমোভ (২৪), তাঁর ভাই আমিনচন ইসলোমোভ (৩৩) ও তাঁদের বাবা ইসরইল ইসলোমোভ (৬৩)। গ্রেপ্তার দিলোভার ওই হামলায় ব্যবহৃত গাড়ির সাবেক মালিক ছিলেন।
স্থানীয় সময় সোমবার (২৫ মার্চ) বাসমনি ডিসট্রিক্ট কোর্ট তাদের ২২ মে পর্যন্ত আটকাদেশ দেন।
পুলিশ দিলোভার ও তাঁর বাবা-ভাইয়ের বিরুদ্ধে হামলাকারীদের সহযোগিতা করার অভিযোগ এনেছে। আদালতে দিলোভার নথি দাখিল করে জানিয়েছেন, তিনি গত ফেব্রুয়ারিতে গাড়িটি বিক্রি করে দেন। তবে নথির তথ্য মতে, গাড়িটির বিমা এখনো দিলোভারের নামেই রয়েছে, নতুন করে কারও নামে করা হয়নি।
আদালতে দিলোভারের ভাই আমিনচন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন। আর দিলোভার বলেছিলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত ওই গাড়ির ছবি দেখে হতভম্ব হয়ে যায়।
দিলোভার ও তাঁর ভাই আমিনচন রাশিয়ার নাগরিক। তাঁরা দুজনই পেশায় ট্যাক্সিচালক। আর তাঁদের বাবার দেশটিতে বসবাস করার অনুমতিপত্র রয়েছে। তাঁদের বসবাস রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল তিভারে।
এর আগে ২২ মার্চ সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে জড়ো হয়েছিল শত শত মানুষ। কনসার্ট শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে কয়েকজন সশস্ত্র ব্যক্তি থিয়েটারে ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করেন। এ ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে বলে সবশেষ জানা গেছে। কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি একটি। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

