ফের মহানগরীর রাস্তায় চলবে হলুদ ট্যাক্সি

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০২:৩৮ পিএম

একসময় কলকাতা শহরের অন্যতম ঐতিহ্য ছিল হলুদ ট্যাক্সি। তবে ২০০৯ সালে ১৫ বছরের পুরোনো প্রায় আড়াই হাজার ট্যাক্সিকে রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করে রাজ্য সরকার।

এরপর থেকেই হলুদ ট্যাক্সি চালুর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মহল। দাবির প্রেক্ষিতে দীর্ঘদিন পর আবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এখন থেকে কলকাতার রাজপথে চলবে ঝাঁ চকচকে এসি হলুদ ট্যাক্সি।

এসব ট্যাক্সির নাম দেওয়া হয়েছে হেরিটেজ ক্যাব। ট্যাক্সির গায়ে আঁকা রয়েছে হাওড়ার ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মনুমেন্টের ছবি। আপাতত ২০টি ট্যাক্সি চলবে। এগুলো চালাবেন পুরোনো ট্যাক্সি চালকেরাই।

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান, কলকাতার ঐতিহ্য এই হলুদ ট্যাক্সি। বিজিবিএস নামে একটি সংস্থা আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। তারাই এই নতুন গাড়ি পথে নামাচ্ছে।

২০০৯ সালে এসব ট্যাক্সি বন্ধ হওয়ার পর কাজ হারানো চালক ও তাদের পরিবারের আর্থিক সংকট নিয়ে কলকাতার রাজপথে বিভিন্ন মহলের একাধিক প্রতিবাদ ও বিতর্ক শুরু হয়।

অন্যদিকে কলকাতার ঐতিহ্য হারানোর আশঙ্কায় গর্জে ওঠেন কলকাতার বিশিষ্ট নাগরিকেরাও। এই পরিস্থিতিতে ফের একবার মহানগরীর রাস্তায় গড়াতে চলেছে কলকাতার পরিচিতি হলুদ ট্যাক্সি।

JA
আরও পড়ুন