যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গাজা নীতির বিরুদ্ধে সোচ্চার কে এই আলবানিজ

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:২৮ পিএম

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেদন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এ নিষেধাজ্ঞার কারণে আলবানিজের যদি যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ থেকে থাকে, তা জব্দ করা হবে। এ ছাড়া তার যুক্তরাষ্ট্র ভ্রমণও সীমিত হয়ে পড়বে।

বুধবার (৯ জুলাই) এক বিবৃতিতে এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, এই ইতালীয় আইনজীবী (আলবানিজ) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন।

ফ্রানচেসকা আলবানিজের জন্ম ইতালির আরিয়ানো ইরপিনো শহরে, ১৯৭৭ সালে। তিনি একজন মানবাধিকার আইনজীবী। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ক্ষেত্রে তার অভিজ্ঞতা দুই দশকের বেশি। তিনি পিসা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকে মানবাধিকার আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

৪৮ বছর বয়সী এই আইনজীবী বর্তমানে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ইন্টার‍ন্যাশনাল মাইগ্রেশনের অ্যাফিলিয়েট স্কলার হিসেবে কাজ করছেন।

আলবানিজ নিজস্ব নকশায় তৈরি একটি কোর্স বেথলেহেম, বিরজেইত ও সালেন্তোর মতো বিশ্ববিদ্যালয়গুলোতে অনাবাসিক অধ্যাপক হিসেবে পড়ান। তার এ কোর্সের বিষয়বস্তু হলো‘ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রতি মানবিক, আইনি ও রাজনৈতিক প্রতিক্রিয়া’।

আলবানিজ তার কর্মজীবনে জাতিসংঘের বেশ কয়েকটি পদে কাজ করেছেন। এর মধ্যে মরক্কোতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে দুই বছর ও জেনেভায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ে মানবাধিকার কর্মকর্তা হিসেবে চার বছর কাজ করেছেন। এ ছাড়া জেরুজালেমে তিনি ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থায় (ইউএনআরডব্লিউএ) আইন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।

আলবানিজ ইসরায়েল ও ফিলিস্তিনের আইনি পরিস্থিতি নিয়ে অনেক লেখা লিখেছেন। তিনি ‘প্যালেস্টাইনিয়ান রিফিউজিস ইন ইন্টারন্যাশনাল ল’ (২০২০) ও ‘জে’অ্যাকিউজ’ (২০২৪) নামের দুটি বইয়ের সহলেখক।

জাতিসংঘের বাইরে তিনি থিঙ্কট্যাংক আরব রেনেসাঁস ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্টে অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের বিষয়ে গবেষণা ও আইনি সহায়তা দেন। তিনি গবেষক ও বিশেষজ্ঞদের সংগঠন ‘গ্লোবাল নেটওয়ার্ক অন দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন’–এর সহপ্রতিষ্ঠাতা।

২০২২ সালের মে মাস থেকে আলবানিজ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দায়িত্ব পালনকালে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনি মতামত ও প্রতিবেদন প্রকাশ করেছেন। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে আন্তর্জাতিক পর্যায়ে যে কয়েকজন জোরালো দাবি জানিয়েছেন, তাঁদের মধ্যে তিনি অন্যতম।

আলবানিজের প্রকাশিত প্রতিবেদনের মধ্যে আছে ফিলিস্তিনে আত্মনিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন; ফিলিস্তিনিদের স্বাধীনতার ব্যাপক বঞ্চনা; ফিলিস্তিনি শিশুদের অধিকার লঙ্ঘন ও ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার অভিযোগসংক্রান্ত দুটি প্রতিবেদন।

বিগত বছরের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপিত এক প্রতিবেদনে আলবানিজ বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পৌঁছেছে—এমন বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি আছে।

আলবানিজ সেখানে গণহত্যার প্রমাণ হিসেবে গণহারে হত্যা, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং এমন পরিস্থিতির সৃষ্টি, যেগুলো ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে পারে—এসব বিষয় তুলে ধরেন।

Raj
আরও পড়ুন