মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। তিন দেশই একযোগে বলেছে, ইরানকে অযাচিত সামরিক আক্রমণ থেকে বিরত থাকতে হবে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।
এক যৌথ বিবৃতিতে এমানুয়েল ম্যাঁক্রো, ফ্রেডরিখ মার্জ ও কিয়ার স্টারমার বলেছেন, 'আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আলোচনার পুনরায় শুরু ও ইরানের নেতৃত্বকে সমঝোতার পথ অনুসরণের আহ্বান জানাই। শেষ পর্যন্ত ইরানের জনগণকেই তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার থাকা উচিত।'
তারা উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে ইরানকে আহ্বান জানানো হয়েছে—পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম সীমিত করতে, আঞ্চলিক অস্থিতিশীল কার্যক্রম থেকে বিরত থাকতে এবং নিজের জনগণের ওপর সহিংসতা ও দমন বন্ধ করতে।
তিন দেশ বলেছে, 'শনিবারের হামলায় আমরা কোনো অংশগ্রহণ করিনি, তবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আঞ্চলিক অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছি।'
বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, 'আমরা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এবং বেসামরিক জীবন সুরক্ষায় আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।'
সূত্র: রয়টার্স।
ট্রাম্পের পদক্ষেপকে 'অবৈধ ও অসাংবিধানিক' আখ্যা মার্কিন সিনেটর
ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করলো কুয়েতসহ তিন দেশ
