সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) জোড়া ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানলে সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী রিয়াদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ড্রোনগুলো দূতাবাস ভবনের একটি অংশে আছড়ে পড়লে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। সৌদি কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডকে ‘সামান্য’ এবং ক্ষয়ক্ষতিকে ‘আংশিক’ বলে দাবি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভিন্ন চিত্র দেখা গেছে। ভিডিওগুলোতে দূতাবাস প্রাঙ্গণ থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়।
এখন পর্যন্ত এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দূতাবাসের ভেতর থাকা কূটনীতিক ও কর্মীরা নিরাপদ আছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানায়নি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এদিকে, এই নজিরবিহীন হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা দেশ স্বীকার করেনি। তবে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান ত্রিমুখী উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
সংবাদ সংস্থা রয়টার্সও নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে একই খবরের সত্যতা নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এরপরই মার্কিন দূতাবাসে আগুনের সূত্রপাত হয়। বর্তমানে সৌদি নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।
মধ্যপ্রাচ্যের স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবের খোদ রাজধানীতে সরাসরি মার্কিন দূতাবাসে এমন হামলা আন্তর্জাতিক মহলে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।
ইরান যুদ্ধে নিহত ৬ মার্কিন সেনা 
