সৌদি আরবকে ইরানের বিশেষ ধন্যবাদ

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড কোনো পক্ষের ব্যবহারের জন্য উন্মুক্ত না করায় সৌদি আরবকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ইরান। সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি রিয়াদের এই নিরপেক্ষ অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিরেজা এনায়েতি বলেন, ‘আমরা সৌদি আরবের কাছ থেকে বারবার একটি আশ্বস্তবাণী পেয়েছি যে— তারা তাদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না। তাদের এই দায়িত্বশীল অঙ্গীকারের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার আগে থেকেই রিয়াদ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টায় জোর দিয়ে আসছিল। যুদ্ধের ডামাডোলের মধ্যেও সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা সরাসরি কোনো সামরিক অভিযানে জড়াবে না এবং কোনো তৃতীয় পক্ষকেও তাদের ভূমি ব্যবহার করে হামলা চালাতে দেবে না।

উল্লেখ্য, গত শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের তীব্র সংঘাত চলছে। এমন চরম উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ইরান ও সৌদির মধ্যকার এই সমন্বয় ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

DR
আরও পড়ুন