লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে আহত

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

লেবানন সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে গিয়ে আহত হয়েছেন ইসরায়েলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলে। শুক্রবার (৬ মার্চ) ইসরায়েলের আর্মি রেডিও এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ বা অন্য কোনো সামরিক কার্যক্রম চলাকালে স্মোট্রিচের ছেলেসহ বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হন। তবে আহতের পরিচয় বা শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। ইরানের সমর্থনে গত সোমবার থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট ও ড্রোন হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর জবাবে লেবাননে ব্যাপক বিমান হামলা চালানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থল সেনা মোতায়েন করেছে ইসরায়েল।

ইসরায়েলের উগ্র ডানপন্থি রাজনৈতিক নেতা বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিনিদের ওপর চরমপন্থি সহিংসতা এবং গাজায় জাতিগত নিধন পরিকল্পনার অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতকেও ফিলিস্তিনের খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার প্রকাশ্য হুমকি দিয়েছিলেন। এখন তার নিজের ছেলেই সেই লেবানন সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধের শিকারে পরিণত হলেন। সূত্র: আলজাজিরা 

FJ
আরও পড়ুন