যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। হামলার সপ্তম দিনে শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সকালে দেশটির বন্দর আব্বাস এলাকায় এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। এর উৎপত্তিস্থল ছিল বন্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ঘনঘন ভূমিকম্প সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
এদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। ট্রাম্প দাবি করেছেন, বর্তমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে।
যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগ এই দ্বিমুখী সংকটে ইরানের পরিস্থিতি এখন অত্যন্ত জটিল আকার ধারণ করেছে।
সূত্র: খালিজ টাইমস
পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকারে ইরানের ড্রোন হামলা
