মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানে বেসামরিক স্থাপনার ওপর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ইরানি মানবিক সহায়তা সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর হামলায় দেশজুড়ে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি রেড ক্রিসেন্টের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা। ক্ষতিগ্রস্ত স্থাপনার তালিকায় রয়েছে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, ১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র এবং ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১৩টি কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, হামলার সময় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত একাধিক যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে এই সংঘাতের সূত্রপাত হয় গত ২৮ ফেব্রুয়ারি। ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালায়। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলার সময় নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
এই ঘটনার পরপরই অঞ্চলজুড়ে উত্তেজনা দ্রুত বেড়ে যায় এবং ইরান পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। তেহরান থেকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানানো হয়েছে। এর জবাবে আবারও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর খবর পাওয়া যায়।
ক্রমবর্ধমান এই হামলা-পাল্টা হামলার মধ্যেই বেসামরিক অবকাঠামোর ওপর ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুত বাড়ছে বলে আশঙ্কা করছে মানবিক সংস্থাগুলো। বিশেষ করে আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
রেড ক্রিসেন্ট বলছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে তাদের উদ্ধার দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। তবে চলমান হামলার কারণে অনেক জায়গায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করাও কঠিন হয়ে পড়ছে।
যুদ্ধের ভিডিও পাঠানো নিয়ে সংবাদমাধ্যমকে ইরানের সতর্কবার্তা
যুদ্ধের মধ্যে আবারও ভূমিকম্পে কাঁপল ইরান
হামলা বন্ধের জন্য শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
