সাইপ্রাসে ক্ষেপণাস্ত্রসজ্জিত রণতরি পাঠালো ইতালি

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। উদ্ভূত পরিস্থিতিতে সাইপ্রাসের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষায় ক্ষেপণাস্ত্রসজ্জিত শক্তিশালী ফ্রিগেট পাঠিয়েছে ইতালি।

শনিবার (৭ মার্চ) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক ভিডিও বার্তায় সাইপ্রাসে এই রণতরি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মেলোনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট মোতায়েন করছি। এটি ইউরোপীয় সংহতির একটি পদক্ষেপ এবং মূলত প্রতিরোধের জন্য নেওয়া হয়েছে।’ তবে তিনি স্পষ্টভাবে জানান, ইতালি এই সংঘাতের কোনো পক্ষ নয় এবং এর অংশ হতেও চায় না।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফেডেরিকো মার্টিনেঙ্গো’ নামের এই ফ্রিগেটটি আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সজ্জিত এবং এতে ১৬০ জনেরও বেশি ক্রু রয়েছেন। গত শুক্রবার বিকেলে ইতালির দক্ষিণাঞ্চলীয় তারান্টো বন্দর থেকে এটি সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ইতালির প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের চরম অবনতি এড়াতে ইতালি নিয়মিতভাবে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে নিবিড় কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো চাচ্ছে সংঘাত যেন আর কোনোভাবেই ছড়িয়ে না পড়ে।

মূলত ইরানের পাল্টা আক্রমণ এবং এর জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা থেকে নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখাই ইতালির এই পদক্ষেপের মূল লক্ষ্য।

NB/
আরও পড়ুন