মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর ইরানের হামলার অভিযোগ ঘিরে জরুরি বৈঠক করেছে আরব লীগ। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সদস্য দেশগুলো বিষয়টি নিয়ে সমন্বিত অবস্থান গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেছে।
রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ভার্চুয়ালি আরব লীগ কাউন্সিলের মন্ত্রী পর্যায়ের এক জরুরি অধিবেশনে অংশ নেন।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে কয়েকটি আরব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর ইরানের হামলার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সুপ্রতিবেশী নীতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতার ওপরও গুরুতর প্রভাব ফেলতে পারে।
আরব লীগের সদস্য রাষ্ট্রগুলো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা চলছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকায় আরব দেশগুলো নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্য রক্ষার বিষয়টিকে নতুন করে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা এবং বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার প্রেক্ষাপটে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আরব লীগ–এর সদস্য সংখ্যা বর্তমানে ২২টি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার এসব দেশ আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও রাজনৈতিক সমন্বয়ের লক্ষ্যে এই জোটের অধীনে কাজ করে।
সূত্র: আলজাজিরা
ইরানি হামলায় দুই হাজার ইসরায়েলি হাসপাতালে
লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত
১৪০০ হামলা করেছে ইরান, পদক্ষেপ নিচ্ছে আমিরাত
