কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম

এবার কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

বুধবার (১১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘সিপাহ নিউজ’ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের (5th Fleet) প্রধান কেন্দ্রে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে। এতে ওই বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

একই সময়ে কুয়েতের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হয়। আইআরজিসির দাবি অনুযায়ী, কুয়েতের ‘ক্যাম্প প্যাট্রিয়ট’, ‘মোহাম্মদ আল-আহমদ’ এবং ‘আলী আল-সালেম’ নৌঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। এর ফলে মার্কিন সেনাদের সরঞ্জামের হ্যাঙ্গার, আবাসন এবং সমাবেশ কেন্দ্রগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া ‘ক্যাম্প বুহরিং’ ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে।

বুধবারের এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। উল্লেখ্য, একই দিনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও দুটি ড্রোন হামলা চালানো হয়, যাতে একজন বাংলাদেশি প্রবাসীসহ চারজন আহত হয়েছেন।

ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: এএফপি, সিপাহ নিউজ।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত