বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৫ এএম

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে নতুন করে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় ভোরে উচ্চ নিরাপত্তাবেষ্টিত ‘গ্রিন জোনে’ এই হামলার ঘটনা ঘটে বলে সিএনএন-কে নিশ্চিত করেছেন স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা।

নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, ড্রোন ও রকেটের আঘাতে দূতাবাস প্রাঙ্গণের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরণের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দূতাবাস লক্ষ্য করে ছোড়া অন্তত দুটি রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে।

প্রায় তিন সপ্তাহ আগে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাগদাদে মার্কিন দূতাবাস এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো বারবার হামলার শিকার হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ইরানপন্থী গোষ্ঠীগুলো এই হামলাগুলো পরিচালনা করছে।

নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় মার্চের শুরুতেই বাগদাদের মার্কিন দূতাবাস থেকে ‘নন-এসেনশিয়াল’ বা অতীব জরুরি নন এমন সব কর্মকর্তা ও কর্মচারীকে সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে সীমিত জনবল নিয়ে দূতাবাসটির কার্যক্রম চললেও নিয়মিত ড্রোন ও রকেট হামলা দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করছে।

পুরো বাগদাদ জুড়ে এখন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং গ্রিন জোনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

DR
আরও পড়ুন
সর্বশেষপঠিত