ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার কথা বললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান।
ইরানের সামরিক বাহিনী মঙ্গলবার (২৪ মার্চ) স্পষ্ট ভাষায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের সমঝোতার প্রশ্নই ওঠে না। তাদের দাবি, ট্রাম্পের আলোচনার আহ্বান আসলে চলমান পরিস্থিতিতে ব্যর্থতা আড়াল করার একটি প্রচেষ্টা।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে বলেন, অভ্যন্তরীণ সংকটে পড়ে ওয়াশিংটন যেন নিজের সঙ্গেই আলোচনায় বসতে বাধ্য হচ্ছে।
ফার্স সংবাদ সংস্থায় প্রকাশিত ওই বিবৃতিতে তিনি আরও বলেন, নিজেদের ব্যর্থতাকে কোনওভাবেই চুক্তি হিসেবে উপস্থাপন করা যাবে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জ্বালানি বাজারসহ সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে না।
জোলফাঘারি আরও স্পষ্ট করে জানান, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চিন্তা পুরোপুরি পরিত্যাগ না করা পর্যন্ত কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শুরু থেকেই তেহরানের অবস্থান অপরিবর্তিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আপসের পথ খোলা নেই, এখন নয়, ভবিষ্যতেও নয়। সূত্র: আলজাজিরা
ইরান যুদ্ধে ‘জয়’ দাবি ট্রাম্পের, নেপথ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি
ইরানে নেই কূটনীতির হাওয়া, সর্বত্র যুদ্ধের প্রস্তুতি
