কুর্দি নেতার বাসভবনে হামলায় আইআরজিসির নিন্দা

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৮:২৭ এএম

ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির বাসভবনে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কুর্দিস্তানের দোহুক এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনে এই হামলা চালানো হয়।

ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, আইআরজিসি এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছে। তারা এই ঘটনাকে একটি "পরিকল্পিত হত্যাপ্রচেষ্টা" এবং "স্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড" হিসেবে অভিহিত করেছে। 

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই আগ্রাসন মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানি উর্ধ্বতন কর্মকর্তাদের ওপর চালানো ধারাবাহিক "কাপুরুষোচিত হত্যাকাণ্ডেরই" অংশ। তাদের মতে, এই "বিদ্বেষপূর্ণ অপচেষ্টা" কুর্দি অঞ্চলের সাথে প্রতিবেশী দেশগুলোর শান্তি, স্থিতিশীলতা এবং আঞ্চলিক সহযোগিতা বিনষ্ট করার লক্ষ্যেই পরিচালিত হয়েছে।

শনিবার ভোরের দিকে এই হামলার ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি প্রেসিডেন্ট নেচিরভানের সাথে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

উল্লেখ্য, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রভাব প্রতিবেশী ইরাকের ওপরও পড়ছে। সাম্প্রতিক সময়ে ইরাকে অবস্থানরত ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী এবং কুর্দি বাহিনী উভয়ের ওপরই হামলার পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে বারজানির বাসভবনে হামলা নতুন করে নিরাপত্তার উদ্বেগ সৃষ্টি করেছে।

SN
আরও পড়ুন