যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। আজ শনিবার (৪ এপ্রিল) ইরানের ইসফাহানে উন্নত আকাশ প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর (MQ-1 Predator) ড্রোন ভূপাতিত করেছে ইসলামি বিপ্লবী গার্ড (IRGC)। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত শুক্রবার দক্ষিণ-পূর্ব ইরানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫-ই (F-15E) যুদ্ধবিমান এবং হরমুজ প্রণালিতে একটি এ-১০ থান্ডারবোল্ট ২ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। বিধ্বস্ত এফ-১৫-ই বিমানের দুই ক্রু’র মধ্যে একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারী মার্কিন হেলিকপ্টারকে লক্ষ্য করে ইরানি পুলিশ গুলি ছুড়লে একটি হেলিকপ্টারের লেজে আগুন ধরে যায় এবং ধোঁয়া বের হতে দেখা যায়। যদিও শেষ পর্যন্ত হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

পেন্টাগন জানিয়েছে, এ-১০ থান্ডারবোল্ট বিমানের পাইলট তার ক্ষতিগ্রস্ত বিমানটিকে ইরানের আকাশসীমা থেকে বের করে আনতে সক্ষম হন। বিমানটি পরবর্তীতে পারস্য উপসাগরে বিধ্বস্ত হলেও পাইলট একটি উপসাগরীয় আরব দেশে নিরাপদে পৌঁছাতে পেরেছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এফ-১৫-ই বিমানের দ্বিতীয় ক্রু এখনো নিখোঁজ রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, নিখোঁজ সেই মার্কিন সেনাকে খুঁজে বের করতে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের (Special Forces) সদস্যরা ইরানি ভূখণ্ডে প্রবেশ করেছেন। অন্যদিকে, নিখোঁজ পাইলটকে আটক করতে ইরানি মিলিশিয়ারাও পাল্টা চিরুনি অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত তার কোনো সুনির্দিষ্ট খোঁজ পাওয়া যায়নি। আল জাজিরার তথ্যমতে, দুই পক্ষের এই ‘ইঁদুর-বেড়াল’ দৌড় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা

SN
আরও পড়ুন